সেমিতে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ভারত অনূর্ধ্ব-১৯ দল।

অ্যান্টিগায় শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২০ সালে ভারতকে হারিয়েই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার উইনিং রানটা এসেছিল যার ব্যাট থেকে, সেই রাকিবুল হাসান এবার দলের অধিনায়ক।

চলতি আসরে অবশ্য ব্যাটে-বলে ভারতের পারফরম্যান্স ভালো। তবে বাংলাদেশের বোলিংয়ের গভীরতা আছে। ব্যাটিংয়ে মাহফিজুল ইসলাম রবিন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লাদের সামর্থ্য রয়েছে বড় ইনিংস খেলার।

ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে এবারের আসর শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে জ্বলে উঠে বাংলাদেশের ব্যাটার ও বোলাররা। দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে ও তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তিন খেলায় সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গ্রুপ রানার্সআপ হওয়ায় শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ হয় ভারত।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে ও উগান্ডাকে ৩২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ভারত।