মাদারীপুরের শিবচরে পেছন থেকে বাসের ধাক্কায় দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেট কারের হতাহত যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসা জনতাকে পিষে দিয়ে চলে যায় আরেকটি বাস। এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খা ব্রিজ ঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রাইভেটকারে যাত্রী ও ওপর তিনজন ছিলেন উদ্ধারকারী জনতা।
স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় গ্রামীণ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে প্রাইভেট কারে থাকা একজন নিহত হন। আশপাশের লোকজন হতাহতদের উদ্ধারে এগিয়ে আসলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা এমাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উদ্ধারকাজে নিয়োজিত জনতার ওপর উঠিয়ে দেয়। এতে তিনজন নিহত হন।
নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী শিরখাড়া মাদারীপুর সদরের বল্লবদি গ্রামের এরশাদ আলি মাতবরের ছেলে খলিল মাতবর (৭০)। এছাড়া উদ্ধারকারী জনতা বাচামরা ফেলুহাজিরকান্দি শিবচরের মোস্তফা শিকদার (৫৮), একই গ্রামের মৃত নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৬০) এবং শিবচরের মাতবরের চলের ওহাব শরিফের ছেলে ভ্যানচালক লিটু শরিফ (৪২)।
ওই প্রাইভেটকারের চালক আশিকুর বলেন, আমি মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিলাম। পেছন থেকে একটি গাড়ি আমার প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসলে এমাদ পরিবহনের একটি বাস তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে দ্রুত চলে যায়।
শিবচর হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা চারজনের লাশ পেয়েছি। আরও দুজন আহত হয়েছেন। নিহতদের পরিবারকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।