নতুন কমিটির উপদেষ্টা পরিষদে মিশাকে রাখবেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচনে সভাপতি পদে লড়েছিলেন দুইবারের সভাপতি মিশা সওদাগর। কিন্তু চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে যান তিনি। তবে ভোটে হেরে গেলেও বিজয়ী সভাপতির বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি মিশা, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন মিশা।

এদিকে আজ সন্ধ্যায় কাকরাইলে নিজ কার্যালয়ে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন জানালেন তিনিও চান মিশাকে নিয়ে কাজ করতে। মিশা সওদাগরকে নতুন কমিটির উপদেষ্টা পরিষদের একজন হিসেবে প্রত্যাশা করলেন কাঞ্চন।

শনিবার বিকেলে ‘নিরাপদ সড়ক চাই’ এর অফিসে সাংবাদিকদের কাঞ্চন বলেন, ‘আজ সকালে মিশার সাথে কথা হয়েছে। আমি তাকে বলেছি, তোমার যে অভিজ্ঞতা আছে- সেটা আমাদের যে উপদেষ্টা কমিটি করবো, ভেবে রেখেছি তুমিও সেখানে থাকবে। কারণ আমাদেরও তোমার সাহায্যের দরকার। তোমার অভিজ্ঞতা কাজে লাগালে আমরাও উপকৃত হবো।’

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন, ভোট বাতিল হয়েছে ১০টি। নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।