গাজীপুরে একটি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল শনিবার সকালে গাজীপুর মহানগরীর কুনিয়া বড়বাড়ি এলাকায় নাসা গ্রুপের লিজা কমপ্লেক্স কারখানায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, নতুন বছরের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে পুরো মাসজুড়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকরা বারবার কথা বলে আসছেন। এর মধ্যেই হঠাৎ গত ২৬ জানুয়ারি কারখানায় অগ্নিকা- হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কর্মস্থল থেকে কারখানার কম্পাউন্ডে অবস্থান নেন। এ সময় কারখানার কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে পুনরায় কারখানায় কাজে যোগ দিতে বলেন। কর্মকর্তারা বেশ কিছু শ্রমিককে গালাগালি ও মারধর করেন। একপর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যান। পরদিন শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় এসে কোনোরকম দিকনির্দেশনা না পেয়ে অলস সময় কাটিয়ে বিকেল ৫টার দিকে ফিরে যান। গত শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে গতকাল কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিস ও শিল্প-পুলিশ মোতায়েন দেখতে পান। পরে কারখানা খুলে দেওয়ার ও বার্ষিক বর্ধিত বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পুলিশ টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রায় ২০ শ্রমিক আহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, কারখানাটি বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করতে চেয়েছিল।