গল্প নিয়ে একধরনের অসহায়ত্ব আছে আমার

ক্যারিয়ারের এক দশক পার করলেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা রুবায়েত মাহমুদ। তবে বিজ্ঞাপনে বেশি নিয়মিত হলেও টেলিভিশন নাটক দিয়েই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। দেড় শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করলেও তার নির্মিত নাটকের সংখ্যা খুবই কম, হাতে গোনা ৬/৭টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- তবুও ভালোবাসি, পেনসিলে আঁকা ভালোবাসা, মেঘ এনেছি ভেজা, দ্য জার্নি, বাকবাকুম ভালোবাসা ইত্যাদি।

বিজ্ঞাপন নির্মাতা হলেও ফিকশন দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তারপরও ফিকশনে নিয়মিত নন কেন? এমন প্রশ্নে তার উত্তর, ফিকশন বা গল্প তো আসলে ভেতর থেকে আসার জিনিস। মানে একটি অনুভূতির ব্যাপার। আসলে কোন গল্পকে বিশ্বাস না করলে ওই গল্পে ফিকশন বানাতে চাই না। অনেক দিন যাবৎ ভালো গল্প শূন্যতায় ভুগছি। মনের মতো গল্প খুঁজে পাচ্ছি না, বা বানাতে পারছি না। এটা নিয়ে একধরনের অসহায়ত্ব আছে আমার।

বিজ্ঞাপনে স্বাচ্ছন্দ্যবোধ করেন জানিয়ে তিনি বলেন, বিজ্ঞাপন বানাতে কিন্তু ভালোই লাগে। ফিকশন যদি একটি উপন্যাস কিংবা গল্প হয় তবে বিজ্ঞাপন একটি কবিতা। আর কবিতা আমার বরাবরেই মতোই পছন্দের। আর্থিক ব্যাপারটাও অস্বীকার করা যাচ্ছে না। বাজেট সংকটের বিষয় তো থাকছেই, সেটা সব মাধ্যমেই। বিজ্ঞাপনে যে নেই, তা নয়। সব সময় সবাই বলে আগে অনেক ভালো ছিল। এখন বাজেট নাই। সুতরাং বিজ্ঞাপনের বাজেট সর্বদাই আপেক্ষিক। তবে এখানে একটাই কথা- এই প্রজেক্টের বাজেট আর সময়টা একটু কম। পরেরটায় পোষায় দিবো।

সিনেমা নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, সব সময় তো সিনেমার পরিকল্পনা করতে থাকি। অনেক চিন্তা, অনেক গান, অনেক আবেগ অনুভূতি সিনেমার জন্য যত্ন কর তুলে রেখেছি। আশা করি খুব দ্রুত দর্শকদের দেখাতে পারব। এ বছরই সিনেমার কাজে হাত দেয়ার ইচ্ছে আছে।

 এখন দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি নিবেদিত বিগ বাজেটের ফ্ল্যাগশিপ ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’ পরিচালনা করছেন ‘তবুও ভালোবাসি’ খ্যাত এ নির্মাতা।