চলতি বছরে স্নাতক প্রথম বর্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় থাকা ৭ বিভাগে বিজ্ঞপ্তির নিয়ম ভেঙে ৮ শিক্ষার্থীকে ভর্তি করার ঘটনায় এবার ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট কমিটির সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির এক সভায় নিয়ম ভেঙে ৮ শিক্ষার্থীর ভর্তির ঘটনায় দ্বিমত প্রকাশ করে বক্তব্য রেখে মন্তব্য করেন পদত্যাগ করা সেই শিক্ষক। সভায় নেয়া এ সংক্রান্ত সিদ্ধান্তে সভার রেজুলেশনেও স্বাক্ষর করেননি সেই শিক্ষক বলে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র।
সূত্রের বরাত দিয়ে জানা যায়, সেই শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ। তবে এখনো পদত্যাগ পত্র গ্রহণ করেনি অনুষদটির ডিন।
তবে পদত্যাগের ঘটনা নিয়ে জানতে চাইলে আসিফ ইকবাল বলেন, এই বিষয়ে অনুগ্রহ করে জিজ্ঞেস করবেন না। এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি। তবে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে সভা শুরুর আগেই স্বাক্ষর করিয়ে নেয়। আমি ৮ শিক্ষার্থীর ভর্তির ঘটনায় সময় নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বললেও তারা আমার কথা মানেনি।
এই ঘটনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সমন্বয়ক আজিজুর রহমানকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কোনো মন্তব্য ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ অপেক্ষমাণ তালিকা নতুন করে প্রকাশ করে ২৭ তারিখের পরও ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারলে সামাজিক বিজ্ঞান অনুষদ কেন পারছে না সেটিই ভাবিয়ে তোলে। সেই সঙ্গে বেশ বিতর্কেরও জন্ম দেয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি।
সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষক বলেন, আমি না করেছিলাম কিন্তু আবির ভাই তাড়াতাড়ি করতে এমনটি করেছেন। তবে এটি না করলেও হতো।
এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৫ জানুয়ারি। যেখানে প্রথম মেধা তালিকায় ডাক পায় বিজ্ঞান শাখা হতে এক থেকে প্রথম ২৪৮ জন, মানবিক থেকে এক থেকে ৩৫০ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ডাক পায় প্রথম ১০২ জন। আসন শূন্য থাকায় প্রকাশিত হয় ২য় মেধা তালিকা। যেখানে বিজ্ঞান শাখা হতে ২৪৯ থেকে ৬২৫, মানবিক শাখা হতে ৩৫১ থেকে ৮৫০ এবং ব্যবসায় শিক্ষা হতে ১০৩ থেকে ২২০ জন। গেল বৃহস্পতিবার শেষ হয় ২য় মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ।
ভর্তির নির্দেশনা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ৩৫০টি আসনের বিপরীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগ হতে যথাক্রমে ১২৪, ৫১ এবং ১৭৫ জন করে ভর্তির কথা থাকলেও এই নিয়ম মেনে ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি বিশ্ববিদ্যালয়টি।
দেশ রূপান্তরের অনুসন্ধানে দেখা যায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগ গুলোতে ব্যবসায় শাখা হতে ৫১ জনের বদলে ভর্তি করে ৪৩ জন। সেই হিসেবে ব্যবসায় শাখা হতে আরও ৮ জন শিক্ষার্থী ভর্তি করার নিয়ম থাকলেও তা না মেনে মানবিক ও বিজ্ঞান শাখা থেকে ৮ জন শিক্ষার্থীকে ভর্তি করায় অনুষদটি।
আজকের সামাজিক বিজ্ঞান অনুষদের ইউনিট কমিটির সভায় গেল শনিবারে দৈনিক দেশ রূপান্তরে ‘নিয়ম ভেঙে ৮ শিক্ষার্থী ভর্তি’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়েও বিবৃতি প্রদানেরও সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিশ্বস্ত একটি সূত্র । সোমবার উপাচার্যের সঙ্গে কথা বলেই বিবৃতি এবং প্রতিবাদলিপির বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।
সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির এমন প্রক্রিয়া নিয়ে সমালোচনাও করেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। এই সমস্যার সমাধানও চান তারা।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তির নিয়ম ভেঙে ৮ শিক্ষার্থীকে ভর্তি