অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ চলছে। কোর্টের দুই প্রান্তে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন রাফায়েল নাদাল ও দানিল মেদভেদেভ। ঠিক এমন সময় ঘটে গেল বিপত্তি।
মেলবোর্ন পার্কে রবিবার নাদাল-মেদভেদেভ লড়াই কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। খেলার মাঝেই ফেন্সিং টপকে কোর্টে ঢুকে পড়েন এক প্রতিবাদী। খেলা থামাতে বাধ্য হন আম্পায়ার। এমনকি বেশ হতভম্ব হয়ে গিয়েছিলেন মেদভেদেভও।
ঠিক কী হয়েছিল? প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও পিছিয়ে গিয়েছিলেন রাফায়েল নাদাল। ৫-৩ ব্যবধানে তখন পিছিয়ে রাফা। সার্ভ ছিল তার। ঠিক এমন সময় হঠাৎই এক ব্যক্তি কালো শর্টস ও কালো টি শার্ট পরে হাতে একটি ব্য়ানার নিয়ে কোর্ট ঢুকে পড়েন।
মেদভেদেভ যে প্রান্তে দাঁড়িয়ে ছিলেন, সেই দিকেই দৌড় দেন ওই প্রতিবাদী ব্যক্তি। হাতের ব্যানারে লেখা ছিল শরণার্থী বন্দিত্ব বাতিল করা হোক। যদিও মুহূর্তের মধ্যেই কোর্টের চারপাশে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। তাকে টানতে টানতে টানেলের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়।
প্রিয় খেলোয়াড়ের কাছাকাছি আসতে, নাহলে কোনো প্রতিবাদী মূর্তিতে খেলার মাঝে বিঘ্ন ঘটাতে এমন দৃশ্য বিভিন্ন খেলায় প্রায়ই দেখা যায়।
তবে রড লেভার এরিনায় যিনি গ্যালারি থেকে কোর্টে লাফিয়ে পড়েন, তিনি দুই ফাইনালিস্ট নাদাল বা মেদভেদেভ, কারো ভক্ত ছিলেন না। তার হাতের পোস্টার দেখে উদ্বাস্তু সংক্রান্ত প্রতিবাদের বিষয়ই সামনে আসে।