আরো একবার প্রত্যাবর্তনের গল্প লিখলেন রাফায়েল নাদাল। প্রথম দুই সেট হেরে গিয়েও ঘুরে দাঁড়ালেন। দানিল মেদভেদেভকে হারিয়ে জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। সুবাদে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের নতুন রেকর্ড গড়লেন তিনি।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রবিবার মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন নাদাল। স্প্যানিশ তারকার ঝুলিতে এখন ২১টি গ্র্যান্ড স্লাম শিরোপা। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে এই কীর্তি তার।
ইউএস ওপেন জয়ী মেদভেদেভ টুর্নামেন্ট জুড়ে দারুণ খেললেও টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হলো না তার। যদিও দুর্দান্ত শুরু করেছিলেন মেদভেদেভ। প্রথম সেটে নাদালকে পাত্তাই দেননি রাশিয়ার ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেটও টাইব্রেকে জিতে নেন।
তখন নাদালের ইতিহাস গড়ার স্বপ্ন ফিকে মনে হচ্ছিল। এই আসরের আগে নাদালের সঙ্গে ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি ছিল রজার ফেদেরার ও নোভাক জকোভিচের। ফেদেরার ও জকোভিচ-দুজনই অস্ট্রেলিয়ান ওপেনে ছিলেন না। তাই তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েই টুর্নামেন্ট শুরু করেন নাদাল।
কিন্তু একপর্যায়ে মনে হচ্ছিল খুব কাছে এসেও হয়তো হতাশা নিয়ে ফিরতে হবে ৩৫ বছর বয়সী তারকাকে।
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে কঠিন পরীক্ষা দেওয়া নাদাল ফাইনালেও চ্যালেঞ্জের মুখে পড়েন প্রথম দুই সেট হেরে। কিন্তু বড় মঞ্চে ঘুরে দাঁড়িয়ে কীভাবে ম্যাচ জিতে নিতে হয় তা তো নাদালের খুব ভালো জানা। তার সেই অভিজ্ঞতার কাছেই যেন পেরে উঠলেন না মেদভেদেভ। ৫ ঘণ্টা ২৪ মিনিটের ম্যারাথন লড়াই শেষে রোমাঞ্চকর জয় হলো নাদালের।
অস্ট্রেলিয়ান ওপেনে ১৩ বছর পর চ্যাম্পিয়ন হলেন নাদাল। এর আগে একবারই এই শিরোপা জিতেছিলেন। সেটা ২০০৯ সালে।