পাকিস্তানের লাহোরে সাংবাদিক হাসনাইন শাহকে গুলি করে হত্যার জন্য ভাড়াটে খুনিকে পাঁচ লাখ রুপি দিয়েছিলেন সন্দেহভাজন পরিকল্পনাকারী আমির বুট্ট।
দা ডনের খবরে বলা হয়, শনিবার সংবাদ সম্মেলনে লাহোরের ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা ফায়াজ আহমদ এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ জানুয়ারি শিমলা পাহাড়ি চক এলাকায় লাহোর প্রেসক্লাবের কাছে অপরাধবিষয়ক সাংবাদিক হাসনাইন শাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একটি বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন হাসনাইন।
সংবাদ সম্মেলনে সিসিপিও ফায়াজ আহমদ বলেন, এ হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফায়াজ আহমদ আরও বলেন, আমির বুট্ট নামের এক জহুরির সঙ্গে আর্থিক বিরোধকে কেন্দ্র করে ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে। হাসনাইনকে হত্যার জন্য ভাই শহিদ বুট্ট ও বন্ধু ফারহান শাহর কাছ থেকে সহযোগিতা চান আমির। ফারহান শাহ এ কাজের জন্য চার ব্যক্তিকে ঠিক করেন। এর মধ্যে দুজন ভাড়াটে খুনিও রয়েছেন।
ফায়াজ জানান, প্রধান সন্দেহভাজন আমির বুট্ট এ হত্যার পরিকল্পনা সাজিয়েছেন। আর তার দুই সহযোগী হায়দার শাহ ও আমজাদ পাশা হত্যার আগে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খুনিদের গাড়ি ও অস্ত্র সরবরাহ করেন। ওই বন্দুকধারীরাই পরে হাসনাইন শাহকে গুলি করে পালিয়ে যান। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের তিনটি আলাদা দল গঠন করা হয়েছিল বলে জানান ফায়াজ।