মাদক মামলা

অভিযোগ বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে

রাজধানীর বনানী থানায় করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচারিক আদালতের অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি। গতকাল রবিবার তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না হাইকোর্টে এ আবেদনটি করেন।

আবেদনে পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিলের আরজি জানিয়ে বেশকিছু যুক্তি তুলে ধরা হয়েছে। গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ মাদক মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আগামীকাল ১ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদক জব্দ করে র‌্যাব। এরপর তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।