রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রবিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ২১ জানুয়ারি রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠার পর ডাকাতদলের কবলে পড়েন একজন চিকিৎসক ও অন্য যাত্রীরা। এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের পাশাপাশি অন্য এক আন্তঃজেলা ডাকাতদলের হোতাসহ ডাকাতচক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে ওঠেন তিনি। সেই বাসেই যাত্রীবেশে উঠে পড়ে ডাকাতদল। পরে তাকেসহ অন্য যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। গত ২৩ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাতের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।