বড়পর্দায় বেলুচ ক্যাপ্টেন চরিত্রে মুশফিক আরিফ

মুক্তিযুদ্ধের সত্য ঘটনার ওপর নির্মিত ‘দামপাড়া’ ছবিতে বেলুচ ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আরিফ। বরগুনার এই সংস্কৃতিকর্মী ও সাংবাদিক এর আগেও মঞ্চ-টিভি-সিনেমায় অভিনয় করেছেন। তবে বৈচিত্র্য ও গুরুত্ব বিবেচনায় এ চরিত্রকে এগিয়ে রাখছেন তিনি।

‘দামপাড়া’য় আরিফকে ভয়ংকর অত্যাচারী বেলুচ ক্যাপ্টেনের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যে শেষ হয়েছে পুরো ছবির দৃশ্যায়ন।

ছবির গল্পে মহান মুক্তিযুদ্ধে তৎকালীন চট্টগ্রামের পুলিশ সুপার শামসুল হকের ভূমিকা ওঠে এসেছে। চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইনসে অস্ত্রের দোকান কীভাবে বেলুচ ক্যাপ্টেনের নেতৃত্বে লুট হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে এসপি শামসুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের রোষানলে পড়ে হানাদাররা পিছু হটেছিল সেই সব ঘটনা তুলো ধরা হয়েছে।

পরবর্তীতে এসপি শামসুল হককে নির্যাতন করে হত্যা করা যায়, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমন একটি বাস্তব ঘটনার সেই বীরত্ব ও আত্মত্যাগের গল্পে নির্মিত হচ্ছে ‘দামপাড়া’।

‘দামপাড়া’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও আশনা হাবিব ভাবনা।  সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান এবং নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

সিনেমাটি প্রসঙ্গে মুশফিক আরিফ বলেন, ‘দামপাড়া’ একটি অনুভূতির নাম, বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হবে এর মাধ্যমে। ছবিটি করতে গিয়ে অনেক পরিশ্রম করেছি। শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছিলাম। আমি নতুন হিসেবে সকলের সহযোগিতা পেয়েছি অনেক। সর্বোপরি ইতিহাসের অংশ হিসেবে এই সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

শৈশব থেকে মঞ্চের সঙ্গে জড়িয়ে আছেন মুশফিক আরিফ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে কীত্তনখোলা, এখনো কৃতদাস, শিখণ্ডী কথা, শ্রাবণ নথি, সুস্বর-প্রতিবিম্ব, প্রাণ হরকরা, কিনু কাহারের থেটার, বিচ্ছু, ভাবমূর্তি, পেজগী ইত্যাদি।

বরগুনা খেলাঘর আসর, শিল্পকলা একাডেমিসহ কয়েকটি থিয়েটারের বড় দায়িত্ব পালন করেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘নোয়াশাল’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। দেখা গেছে গত বছরের শেষ সিনেমা মীর সাব্বির পরিচালিত 'রাত জাগা ফুল'-এ। অভিষেক সিনেমায় করেছেন বায়োস্কোপওয়ালার চরিত্র।