বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি করোনার কারণে দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষভাবে তাকে স্মরণ করছি। ভালোবাসা দিবসের দর্শকেরা যে ধরনের সিনেমা দেখতে চায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের সিনেমা। গত বছর আমরা ভালোবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দর্শকেরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং দারুণ উপভোগ করবেন।’
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির পাওয়ার্ড বাইঃ এসএমসি ফ্রুটি।