মির্জা আজমের বক্তব্যের প্রতিবাদ বিএনপি নেতা ডা. রফিকের

চিকিৎসকদের হেয় করে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ জানুয়ারি জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে আলোচনায় প্রধান অতিথি হিসেবে দেয়া সংসদ সদস্য মির্জা আজমের একটি বক্তব্যের ভিডিও গত দুই-একদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি বাংলাদেশের চিকিৎসক এবং প্রকৌশলীদের ‘চোর’ হিসেবে আখ্যায়িত করেছেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বলে প্রতীয়মান হয়।

দেশের সকল আন্দোলন-সংগ্রামে চিকিৎসকদের অবদান সর্বজনবিদিত। সকল মহামারিতেও তাদের অগ্রণী ভূমিকা প্রশংসিত। করোনাকালীন সময়েও প্রায় দুই শতাধিক চিকিৎসক সেবা দিতে গিয়ে শহীদ হয়েছেন। প্রায় সাড়ে তিন হাজারেরও অধিক চিকিৎসকসহ প্রায় দশ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রায় সকলের পরিবারের সদস্য তাদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। নিজেদের ও পরিবারের জীবন বাজি রেখে জনগণের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ‘চোর’ বলে আখ্যায়িত করে তিনি নিজের অসুস্থ ও বিকারগ্রস্ত মানসিকতারই পরিচয় দিয়েছেন।

তার এ ধরনের বক্তব্য সকল পেশাজীবীদের ব্যথিত করেছে। স্বাস্থ্য খাতের যে দুর্নীতি হয় তার সাথে বর্তমান মিডনাইট সরকারের আশীর্বাদপুষ্ট নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী, আমলা ও ঠিকাদারগণ জড়িত; চিকিৎসকগণ নয়। কারণ বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে না।

ডা. মো. রফিকুল ইসলাম সংসদ সদস্যের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের ও সকল পেশাজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করার জোর দাবি জানান।