৪০ লাখ টাকা আত্মসাৎ: স্বাস্থ্যের আনোয়ারুলের পাঁচ বছরের কারাদণ্ড

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর আনোয়ারুল ইসলাম খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া আত্মসাৎকৃত ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

আনোয়ারুল পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। এ সময় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুয়া বিল ভাউচার দাখিল ও বিলের টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকার আত্মসাৎ করেন আনোয়ারুল।

এরপর দুদকের উপ-পরিচালক এ কে এম বজলুর রশীদ ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি রমনা থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন।

২০১৭ সালের ৮ জুন আনোয়ারুল ইসলাম ও মনিরুজ্জামানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন কমিশনের উপ-সহকারী পরিচালক আজিজুল হক।

অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। পরবর্তীতে চার আসামিকে অব্যাহতি দিয়ে দু’আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বিচার চলাকালে মনিরুজ্জামান মারা যান। মামলায় ১৮ জন জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়।