ক্যাটরিনা কাইফের বিয়ের প্রায় দুই মাস পর অবশেষে ‘সাবেক গার্লফ্রেন্ড’-এর জন্য ‘শাদি মুবারক’ জানালেন সালমান খান। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে নিজের সম্পর্ক বিয়ের আগে পর্য্ন্ত গোপন রেখেছিলেন ক্যাটরিনা। ভাঙা সম্পর্কের বোঝা বয়ে ক্লান্ত অভিনেত্রী একেবারেই চাননি এবার তাঁর প্রেম কাহিনিতে কারো কু-নজর পড়ুক। গত ৯ই ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে সাত পাকে বাঁধা পড়েন ‘ভি-ক্যাট’। তবে সবচেয়ে আর্শ্চয়ের বিষয় ছিল এই বিয়েতে উপস্থিত ছিলেন না সালমান খান বা তার পরিবারের কোনও সদস্য।
ক্যাটরিনার বলিউড ক্যারিয়ার নিজের হাতে গড়ে দিয়েছেন সালমান খান। বলিউড ভাইজান সল্লু মিয়ার ছত্রছায়াতেই ধীরে ধীরে হিন্দি না জানা ব্রিটিশ সুন্দরী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। তবে সালমানের বোন অর্পিতা খান শার্মা নিজে জানিয়েছিলেন ক্যাটরিনার বিয়ের আমন্ত্রণ পাননি তারা।
কেন? সেই প্রশ্নের জবাব মেলেনি। তবে শেষমেষ বিগ বস ১৫-র গ্র্যান্ড ফিনালেতে আচমকাই ক্যাটরিনা কাইফের জন্য অভিনন্দন বার্তা দিলেন সালমান। ক্যামেরার দিকে তাক করে ভাইজান বলে উঠেন, ‘ক্যাটরিনা, শাদি মুবারক হো’।
কিন্তু আচমকাই কেন এ কথা বললেন সালমান? প্রাক্তন বিগ বস বিজেতা রুবিনা দিলাইক এবং চলতি সিজনের প্রতিযোগী রাখি সাওয়ান্ত ক্যাটরিনার সুপারহিট আইটেম নম্বর ‘চিকনি চামেলি’তে পারফর্ম করতে দেখা যায়, সেই পারফরম্যান্স শেষেই সালমান অভিনন্দন জানান সাবেক প্রেমিকাকে।
বিগ বসের গ্র্যান্ড ফিনালে-তে অবশ্য এক নয়, একাধিকবার উঠল ক্যাটরিনা-ভিকির বিয়ের প্রসঙ্গ। শেহনাজ গিল এদিন বলে উঠেন, ‘এখন তো আমি পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ থেকে ‘ইন্ডিয়া কি শেহনাজ’ হয়ে গিয়েছি। কারণ এখন ইন্ডিয়ার ক্যাটরিনা তো পাঞ্জাবের ক্যাটরিনা হয়ে গিয়েছে’। কথার মাঝেই সালমান বলে ওঠেন, ‘ঠিক বলেছ’। শেহনাজ আরও বলেন, ‘কারণ এখন ওর বিয়ে হয়ে গিয়েছে’।
সালমান বলে ওঠেন, ‘ভিকি কৌশলের সঙ্গে। এবং সবকিছু এখন কুশল মঙ্গল আছে। সবাই খুশি আছে। ভালো আছে’। অভিনেত্রী বলে ওঠেন, ‘স্যার আপনি খুশি থাকুন ব্যাস!’ শুনে চোখে পাকিয়ে যায় ভাইজানের। এরপরই ক্ষমা চেয়ে শেহনাজ বলেন, ‘আমি বেশি বেশি বলে দিইনি তো?’
এরপর শেহনাজ আরও যোগ করেন, ‘স্যার আপনাকে সিঙ্গলই মানায়’। এই কথা শুনে সালমান যা জবাব দিলেন তা অবাক করবে আপনাকে। দবাং খান সটান বলে দেন, ‘যখন হয়ে যাব (সিঙ্গল) তখন নিশ্চই মানাবে’। সালমানের কথা শুনে ধন্দে সকলে, তবে কি কমিডেট সালমান খান? তা অবশ্য পরিষ্কার করে বলেননি এই বলিউড সুপারস্টার।
এর আগে এদিন সালমানের কাছে আসতেই চোখে জল আসে শেহনাজের। ‘আপকো দেখকার ইমোশনাল হো গয়ি’, বলতে শোনা যায় তাকে।
এরপর শেহনাজকে শান্ত করার জন্য জড়িয়ে ধরেন সালমান। এরপর দুজনকেই মলিন মুখে দেখা যায়। তারপর একে-অপরকে ছেড়ে চোখের জল মুছতে দেখা যায় দুজনকেই টিস্যু দিয়ে।
এর আগে ‘বিগ বস ওটিটি’র সেটে শেষবার দেখা গিয়েছিল শেহনাজকে। সেই সময় তার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ শুক্লাও। তার দিনকয়েক পরে সেপ্টেম্বরেই আচমকা হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ। মাত্র ৪০ বছর বয়সে। সেই সময় শেহনাজের ভেঙে পড়ার সাক্ষী ছিল সকলে। প্রায় ২ মাস সকলেক চোখের আড়ালে ছিলেন তিনি।
‘বিগ বস ১৩’র সেটেই আলাপ দুজনের। সিদ্ধার্থ আর শেহনাজের মধ্যে বন্ডিং ছিল নজরকাড়া। এমনকি, বিগ বসের ওই সিজন সাফল্য পাওয়ার পেছনে এই জুটিকেই কারণ মনে করা হত। তাদের জুটি দর্শক থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, সকলেরই মন কাড়ত।