জেব্রার মৃত্যু: সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২ জন প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়িত্বে অবহেলার অভিযোগের তদন্তের স্বার্থে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়। এছাড়া সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো.  জাহিদুল কবিরকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্বরতদের প্রত্যাহার ও বদলির পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফরিদপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং কক্সবাজারের ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় গঠিত বিশেষজ্ঞ বিশেষ মেডিকেল বোর্ড জানায়, মারামারি করে চারটি এবং ইনফেকশনাল ডিজিজে পাঁচটি জেব্রা মারা গেছে। জেব্রার মৃত্যুর তদন্ত করতে গিয়ে গত রবিবার জানা যায় এর মধ্যে পার্কে একটি বাঘেরও মৃত্যু হয়েছিল। গত ১২ জানুয়ারির ঘটনাটি এত দিন গোপন রাখা হয়।। জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।