বৈশ্বিক মনোযোগ হারিয়েছে রোহিঙ্গা সংকট

মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক ব্যর্থতা তার জনগণের জন্য নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এমনকি তা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। সেনা অভ্যুত্থানের কারণে রোহিঙ্গা সংকট কিছুটা হলেও বৈশ্বিক মনোযোগ হারিয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স-এসআইপিজি’র অধীন সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এ আশঙ্কার কথা জানান।

গত ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান সোমবার ‘মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধার: সামরিক অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এই ওয়েবিনার আয়োজন করে।

ওয়েবিনারে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক বাহিনী, তাতমাদও’র ইতিহাস এবং এর কৌশলগত সংস্কৃতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়াও মিয়ানমার ভূখণ্ডে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ানের স্বার্থসহ দেশটির ভূ-রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

প্রধান বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ফ্যাকাল্টি, ব্রি. জেনারেল ড. শাফাত আহমেদ (অব.) বলেন, তাতমাদও তার প্রতিরক্ষা কূটনীতির মাধ্যমে মিয়ানমারের বৈদেশিক সম্পর্কের সবচেয়ে সক্রিয় খেলোয়াড় হিসেবে ভূমিকা রাখছে।

তিনি বলেন, যে কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না, কারণ এই হস্তক্ষেপ প্রকারান্তরে সব ধরনের আন্তর্জাতিক আইন ও রাজনৈতিক ক্ষেত্রে জটিলতা বাড়ায়।

ড. শাফাত আশঙ্কা প্রকাশ করেন, বর্তমানে তাতমাদও’র বিরুদ্ধে সামরিক শাসন বিরোধীদের বিজয়ের সম্ভাবনা ক্ষীণ যার ফলে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠাও ঝুঁকির মধ্যে আছে।

তিনি বলেন, শুধু মিয়ানমারের জনগণই মিয়ানমারকে পরিবর্তন করতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে তা খুবই কঠিন হতে যাচ্ছে।

এনএসইউ’র রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক ব্যর্থতা দেশটির জনগণের জন্য নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সেখানে শান্তি আনতে গণতন্ত্রপন্থী এনইউজি সরকারকে সমর্থন ও বৈধতা দিতে হবে।

মালয়েশিয়ার সুলতান জয়নাল আবিদীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবুল হক বলেন, বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সবচেয়ে বেশি শিকার। কিন্তু এই সমস্যা সমাধানে বাংলাদেশের ভূমিকা খুবই কম।

তিনি বলেন, সেনা অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট কিছুটা হলেও বৈশ্বিক মনোযোগ হারিয়েছে। মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারের আশা কম। কারণ, বিভক্ত আসিয়ান এবং আন্তর্জাতিক সম্প্রদায় এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করছে না বলে মনে করেন এই বিশ্লেষক।

এনএসইউ’র এসআইপিজির প্রফেসোরিয়াল ফেলো সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঞ্চালনায় ওয়েবিনারে অন্যদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান, সিপিএস’র সমন্বয়ক এনএসইউ’র সহকারী অধ্যাপক ড. আব্দুল ওহাব, সিপিএস’র সদস্য এনএসইউ’র সহকারী অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।