মূলধারার রাজনীতি কি ১০ লাখ কোটি টাকা পাচার, প্রশ্ন রিজভীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মূলধারার রাজনীতি কি ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা?

রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক দায়িত্ব বণ্টন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা বক্তব্য শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তিনি বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে সরে গেছে।’

ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মূলধারার রাজনীতি কী? ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা? কানাডায় বেগমপাড়া বানানো? দুর্নীতি লুটপাট করা? বিরোধী দল ও মতের লোকদের গুম করা নিরুদ্দেশ করা? বিরোধী দলের তরুণ প্রজন্মদের গুম করা? ভোট ডাকাতি করা? দিনের ভোট রাতের করা? বিএনপি ওই রাজনীতি বিশ্বাস করে না।’

আরও বলেন, ‘আপনারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে সর্বপ্রথম গণতন্ত্রকে হত্যা করেছেন। আর আপনারা বলেন মূলধারার রাজনীতি। আপনাদের মূলধারার রাজনীতি হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। জনগণকে কথা বলতে না দেওয়া। সংবাদমাধ্যমের গলা টিপে ধরা হচ্ছে আপনাদের রাজনীতি। এটা হচ্ছে আপনাদের মূলধারার রাজনীতি।’

রিজভী বলেন, ‘আমাদের রাজনীতি হচ্ছে গণতন্ত্রের সকল বন্ধ দরজা খুলে দেওয়া। এটাই করেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা বারবার গণতন্ত্রের দরজায় তালা মেরেছেন আর সেই তালা ভেঙেছে বিএনপি। সুতরাং আপনাদের সঙ্গে আমাদের তো পার্থক্য হবেই।’

তিনি বলেন, ‘আপনারা হত্যা ও ঘাতকদের সংকীর্ণ পথ দিয়ে হেঁটে যান। আমরা শান্তির প্রশস্ত পথ দিয়ে হেঁটে যাই। তাই আমরা জনগণের ভোট ও দিনের ভোটে বিশ্বাস করি। আর আপনারা রাতের ভোট ও জনগণ বিহীন ভোটকেন্দ্রে বিশ্বাস করেন। বিরোধী দলের নেতাদের নির্যাতন গুম-খুন করা বিশ্বাস করেন। তাই ওবায়দুল কাদের সাহেব আপনাদের সঙ্গে আমাদের বিস্তর পার্থক্য রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।