বিএনপি চিঠি দিয়েছে, লবিস্ট নিয়োগ করেনি: মির্জা ফখরুল

আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে দেশের মানবাধিকার পরিস্থিতি জানিয়ে উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েছে বিএনপি; কোনো লবিস্ট নিয়োগ করেনি— এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন গঠন আইনের মাধ্যমে সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করেছেও বলে এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ প্রসঙ্গে বলেন, জনগণ এবার তা মেনে নেবে না। গোটা বিশ্বের কাছেই বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকারহীন দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।

গুম-খুনের নিরপেক্ষ তদন্ত তদন্ত ও দায়ীদের বিচার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের টাকায় লবিস্ট নিয়োগ করে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ নেওয়ার মানে হলো সরকার এর সঙ্গে জড়িত।