সপ্তাহব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনী শুরু

লিটল ম্যাগাজিন সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল মঙ্গলবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করা হয়। লিটল ম্যাগাজিনের আট শতাধিক সংখ্যা নিয়ে ১-৭ ফেব্রুয়ারি ২০২২ জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে ৮ জন লিটল ম্যাগাজিন সম্পাদকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। যার মধ্যে আছে শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ন’; আবদুল মান্নান স্বপন সম্পাদিত ‘ধমনি’; এজাজ ইউসুফী সম্পাদিত ‘লিরিক’; মিজানুর রহমান নাসিম সম্পাদিত ‘মননরেখা’ এবং ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়। যার মধ্যে আছে আসাদ সরকার সম্পাদিত ‘মহাকালগড়’; অসিত বরণ দাশ গুপ্ত সম্পাদিত ‘সুরমাকপোত’ এবং কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’।