৭ম স্থানের জন্য লড়তে হবে বাংলাদেশকে

আরিফুল ইসলামের সেঞ্চুরি সত্ত্বেও ১৭৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থানের প্লে-অফে তাই পাকিস্তানের কাছে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে গেছেন রকিবুল-প্রান্তিকরা। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে আগামীকাল ৭ম স্থানের প্লে-অফে নামতে হবে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালের পর এই প্রথম শীর্ষ ছয়ের বাইরে থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ করতে হচ্ছে বাংলাদেশকে। দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তান ৫ম স্থানের জন্য লড়বে শ্রীলঙ্কার সঙ্গে। গতকাল আফগানিস্তান-ইংল্যান্ড প্রথম সেমিফাইনাল হয়েছে। আজ হবে অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় সেমিফাইনাল।