নুডলস চুরির অভিযোগে কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দোকান থেকে নুডলস চুরির অভিযোগ তুলে এক কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন করেছেন দোকান মালিক।

মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ের ব্যবসায়ী আমানুল্লাহ কিশোর সাদ্দামকে খুঁটির সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুতাইল গ্রামের আমানুল্লাহ দীর্ঘদিন আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে মুদিখানার ব্যবসা করে আসছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের রাধিকাগঞ্জের শিশু সাদ্দাম হোসেন আমানুল্লার দোকান থেকে দুই প্যাকেট নুডলস চুরি করে বলে অভিযোগ ওঠে। পরে আমানুল্লাহ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে কিশোরকে মারধর করেন।

ব্যবসায়ী শেখ আমানুল্লাহ দাবি করেছেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানের চুরির ঘটনা ঘটতো। এতে আমি অতিষ্ঠ ছিলাম। কিছুতেই চোর ধরতে পারতাম না। দুপুরে কিছু নারকেল তেল ও নুডলস এর প্যাকেট চুরির সময় স্থানীয়রা ওই কিশোরকে হাতেনাতে ধরে। তবে তাকে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার ঠিক হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নির্যাতনের ভিডিও দেখেছেন। চুরির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।