এই মাসেই ঢাকায় আসছে আফগানিস্তান

দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগানিস্তান। তবে সীমিত ওভারের এই দুই সিরিজ কোন ভেন্যুতে হবে সে সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান বিপিএলের মধ্যেই আফগানদের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছে বিসিবি। তবে ভেন্যুর বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, টি-টোয়েন্টি সিরিজ ঢাকায় এবং চট্টগ্রামে আয়োজন করা হবে ওয়ানডে সিরিজ। তবে তা এখনো চূড়ান্ত নয়।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি আফগানিস্তান আসবে বলে প্রত্যাশা করছি। ভ্রমণের ওপর সরকারের যে দিক নির্দেশনা আছে এবং লজিস্টিক যে সাপোর্ট আমরা করতে পারি এর ওপর নির্ধারণ করে আমরা দুটি ভেন্যু ঠিক করেছি। ওয়ানডে সিরিজ আমরা চট্টগ্রামে ও টি-টোয়েন্টি সিরিজ ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে জৈব সুরক্ষা বলয় আরও বেশি উন্নত করার চিন্তা করছে বিসিবি। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক একটা মান আছে জৈব সুরক্ষা বলয়ের। আমরা এই সিরিজে অবশ্যই সেটা ব্যবহার করব।’