কর্মসূচিতে না যাওয়ায় ঢাবিতে নির্যাতন: হল থেকে ৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অসুস্থ এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনে জড়িত হল ছাত্রলীগের তিন সহযোগীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ওই নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি এ তিনজনকে চিহ্নিত করে। বুধবার তাদের বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির।

বহিষ্কৃতরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল এবং সমাজকল্যাণ বিভাগের মো. ইয়ামিন ইসলাম।

আক্তার রাজু, সাইফুল ও ইয়ামিনের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক শুভের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন।

তারা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার সহযোগী হিসেবে পরিচিত। ইউনুস বর্তমানে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির সংবাদমাধ্যমকে বলেন, ‘বহিষ্কৃতরা ছয় মাস হলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। তবে বাইরে থেকে একাডেমিক পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সেদিনের ঘটনায় ভুক্তভোগী আকতারুল মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তদন্তে তিনজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। সে অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় গত ২৬ জানুয়ারি রাতে বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আকতারুল ইসলামকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়।

আকতারের অভিযোগ, সেই রাত ১০টায় ছাত্রলীগ নেতারা অতিথি কক্ষে যেতে বলেছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে না পারায় তাকে ডেকে নিয়ে ‘নির্যাতন’ করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, অসুস্থতার কথা বলার পরও তাকে ‘কক্ষের লাইটের দিকে আধা ঘণ্টা তাকিয়ে থাকার শাস্তি’ দেওয়া হয়। ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকার পর চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ওই শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার পর হলের আবাসিক শিক্ষক জাহিদুল ইসলাম সানাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।