র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েকজন কর্মকর্তার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা দেয়ায় ‘কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
তিনি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছেন, এই নিষেধাজ্ঞা দেয়ায় তিনি ‘আমেরিকার ওপর কৃতজ্ঞ’। কেননা এই নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘নির্যাতন’ প্রায় থেমে গেছে।
রেজা কিবরিয়া বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার একমাত্র ছেলে। ১৯৯৬ সালের নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে শাহ কিবরিয়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০০৫ সালে এক গ্রেনেড হামলায় তার মৃত্যু হয়।
পিতা আওয়ামী লীগের রাজনীতিতে থাকলেও রেজা কিবরিয়া গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও পরে সাধারণ সম্পাদক হন।
সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে হবিগঞ্জের একটি আসন থেকে জাতীয় ঐক্যজোটের প্রার্থী হয়েছিলেন, যেখানে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরে অবশ্য গণফোরাম থেকে বেরিয়ে আসেন ড. কিবরিয়া। গত বছর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন ড. কিবরিয়া। নতুন দলের তিনি আহ্বায়ক হন।