রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেনে যুদ্ধ করতে টানার চেষ্টা করছে। কয়েক সপ্তাহ ধরে চলা এই সংকট নিয়ে প্রথমবার কোনো মন্তব্য করেন তিনি। পুতিনের দাবি, আমেরিকার লক্ষ্য হলো সংঘাতকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা। পুতিন আরও বলেন, ইউরোপে ন্যাটো জোটের উপস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা সমাবেশ ঘিরে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। গত কয়েক সপ্তাহে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে।
এ ছাড়া ট্যাংক, কামান, গোলাবারুদ এবং আকাশ সক্ষমতার সবকিছুই ইউক্রেন সীমান্তে জড়ো করেছে। পশ্চিমারা অভিযোগ তুলেছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। প্রায় আট বছর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপত্যকা দখল করে নেয় রাশিয়া। পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে মস্কো। রাশিয়ার অভিযোগ পূর্বাঞ্চলে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইউক্রেন সরকার। পুতিন বলেন, মস্কোর পক্ষ থেকে ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার যে গ্যারান্টি চাওয়া হয়েছিল, তা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা।