২০১১ বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের সঙ্গে পথচলা শেষ করেন জেমি সিডন্স। কিন্তু তামিম-সাকিব-মুশফিকদের গড়তে যে ভূমিকা রেখে গেছেন, তাই দেশের ক্রিকেটে তার নাম জড়িয়েই ছিল। ১১ বছর পর আক্ষরিক অর্থেই আবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়ালেন এই অস্ট্রেলিয়ান কোচ। কাল বিকাল ৪টা ৪০ মিনিটে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব ঢাকায় পা রাখেন সিডন্স। এবার অবশ্য তিনি হেড কোচ নন, ব্যাটিং পরামর্শক।
জেমি সিডন্সের ১ ফেব্রুয়ারি থেকেই দুই বছরের জন্য কাজ শুর করার কথা। শুরুর দিনগুলোয় জাতীয় দলের কোনো ব্যস্ততা না থাকায় এবং বয়সভিত্তিক দলেরও কোনো কার্যক্রম না থাকায় বিপিএল দেখে কাটবে সিডন্সের। অবশ্য জাতীয় দলের হয়ে কাজ করবেন কি না তা এখনো স্পষ্ট নয়। কাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সিডন্সকে নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে। অ্যাশওয়েল প্রিন্স কিন্তু জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। এখন দুজন ব্যাটিং কোচ, সিডন্স বিশেষজ্ঞ হিসেবে। সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন।’