একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডের সাজার পর কারাবন্দি অবস্থায় মারা যাওয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাখাওয়াত হোসেনসহ দুজনের আপিল কার্যতালিকা থেকে বাদ (অ্যাবটেড) দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত বিল্লাল হোসেনের মৃত্যু হওয়ায় তার করা আপিলটিও বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত। গতকাল বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৬ সালের ১০ আগস্ট সাখাওয়াত হোসেনকে মৃত্যুদন্ড ও বিল্লাল হোসেনসহ সাতজনকে আমৃত্যু কারাদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন দুজন। সাজাপ্রাপ্তদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সাখাওয়াত ও বিল্লাল। দন্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক।