রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে তিনজন রাজশাহীর এবং বাকি দুজন চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বাসিন্দা।

তিনি বলেন, একজন করোনায় সংক্রমিত এবং বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, এই সময়ের মধ্যে করোনা ইউনিটে আরও ১৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা ৬৫ জন। এর মধ্যে ৩৯ জন করোনা পজিটিভ। একই সময়ে ২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, গতকাল বুধবার রাজশাহীর দুটি ল্যাবে ৬৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪১.৯৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে রোগী শনাক্তের হার ৪৪.৩০ শতাংশ এবং নাটোরে ২৩.৪৪ শতাংশ।