ব্রাজিল-আর্জেন্টিনা স্থগিত ম্যাচ জুনে?

গেল সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত হয়েছিল। ম্যাচটির ভাগ্য কী তার সমাধান এখনো দেয়নি দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। ধারণা করা হচ্ছিল, আর্জেন্টিনা পাবে ৩ পয়েন্ট। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াই স্পোর্টস এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, স্থগিত থাকা ম্যাচটি জুনে আবার হতে পারে। ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে টিওয়াইসি জানিয়েছে, ম্যাচটা হলেও ব্রাজিলে হবে না। গেল ৫ সেপ্টেম্বরের ম্যাচে সমস্যাটা শুরু হয়েছিল মূলত ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারের কোয়ারেন্টাইন ইস্যুতে। ওই সময় ব্রিটেন থেকে ব্রাজিলে আসাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হতো। সেই নিয়ম উপেক্ষা করেছিলেন আর্জেন্টিনার স্কোয়াডে থাকা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, জিওভানি লো সেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো। ম্যাচের পাঁচ মিনিট খেলে ফেলার পর বিপত্তি বাধে। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে ওই চারজনকে নিয়ে যেতে চাইলে প্রতিবাদে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা মাঠ থেকে উঠে যায়।