শপথের আগেই করোনায় মারা গেলেন বিচারপতি নাজমুল আহাসান

আপিল বিভাগে সম্প্রতি বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বযস হয়েছিল ৬৭ বছর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এ তথ্য জানিয়েছেন।

গত ৯ জানুয়ারি শপথ গ্রহণের তারিখ ছিল। ওই দিন তার সঙ্গে নিয়োগ পাওয়া অন্য তিন বিচারপতি শপথ নিলেও করোনায় আক্রান্ত হওয়ায় শপথ নেওয়া হয়নি তার।

বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

১৯৫৫ সালের  ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করেন। এরপর আইন পেশায় যোগ দেন।

১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন নাজমুল আহাসান। ১৯৯৪  সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের ও  ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

বিচারপতি নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

সংবিধান অনুয়ায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। এ হিসেবে নাজমুল আহাসানের অবসর গ্রহণের তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি।