মাঠে ফুটবলারদের একের পর এক হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। গত ইউরো চ্যাম্পিয়নশিপে ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে যেভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন, তাতে হকচকিয়ে গিয়েছিল পুরো বিশ্ব।
বুকে ব্যথা অনুভব করায় বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করে অবসর নিতে বাধ্য হন সার্জিও আগুয়েরোর মতো তারকাও। একই ভয় ছিল ভিক্তর লিন্ডলফ ও পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়েরও।
এরিকসেন মৃত্যুর মুখ থেকে ফিরলেও এবার মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২১ বছর বয়সী এক গ্রিক ফুটবলার মারা গেছেন। গ্রিস ফুটবলের তৃতীয় স্তরের দল ইলিওপোলির হয়ে খেলছিলেন আলেহান্দ্রোস লাম্পিস নামের ওই ফুটবলার।
বুধবার ম্যাচ চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুবরণ করেন তিনি। ম্যাচটি হচ্ছিল মিউনিসিপ্যাল স্টেডিয়ামে। কিন্তু জরুরি চিকিৎসা সেবার অংশ হিসেবে স্টেডিয়ামে কোনো অ্যাম্বুলেন্স বা ডেফিব্রিলেটর ছিল না।
স্টেডিয়ামটি অবস্থিত রাজধানী এথেন্সের দক্ষিণ-পশ্চিম শহরতলিতে। ম্যাচ শুরুর মাত্র পঞ্চম মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হন অ্যাটাকিং মিডফিল্ডার লাম্পিস। ঘটনার প্রায় ২০ মিনিট পর স্টেডিয়ামে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছে।
সবাইকে চমকে দেওয়া এই ঘটনার পর এরিমিওনিদা বনাম ইলিওপোলির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। লাম্পিসের অকালমৃত্যুতে তার ক্লাব ইলিওপোলি নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমাদের আলেকো, আমাদের বন্ধু, আমাদের ভাই, তুমি অযথা চলে গেলে। পুরো দল, পুরো শহর আজ শোকার্ত।’