বৃষ্টির হানায় পরিত্যক্ত সিলেট-বরিশালের ম্যাচ

মাঘের বেরসিক বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ। শুক্রবার মিরপুরে দিনের প্রথম ম্যাচটিতে মাঠে বল গড়ানো তো দূর, টসও হয়নি।

বিপিএলের ১৯তম ম্যাচটি দুপুর ১.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে মিরপুরের আকাশ ছিল কালো হয়ে। দুপুর ১২টা দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাস। একপর্যায়ে ঢেকে রাখা উইকেট বাঁচাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের।

দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিকেল ৪.২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় লাভ হয়েছে অবশ্য বরিশালের।

৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকছে সাকিব আল হাসানের দল। তাদের চেয়ে এক পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা  ভিক্টোরিয়ানস। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আগের অবস্থান সবার শেষে আছে সিলেট।

দিনের আরেক ম্যাচে একই মাঠে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-মিনিস্টার গ্রুপ ঢাকা।