দৈনিক শনাক্তের হার কমে ২৩ শতাংশের নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে গত ২৮ জানুয়ারি দেশে শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে নয় হাজার ৫২ জন নতুন রোগী শনাক্ত হয়।

এই সংখ্যা গত ২২ জানুয়ারি পর সর্বনিম্ন। ওই দিন নয় হাজার ৬১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

২৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৯০৬ জনে দাঁড়ায়। এরপর ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়, যা করোনাভাইরাস মহামারির দুই বছরে দ্বিতীয় সর্বোচ্চ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ছয় হাজার ২৮২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠলেন।