অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সপ্তম স্থানের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে অষ্টম হয়েছে বাংলাদেশ। আরিফুল ইসলামের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলেছিল ৮ উইকেটে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর। ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের জয় পায় ৭ বল হাতে রেখে।
ব্রেভিসের আক্রমণাত্মক শটগুলো যেন এবি ডি ভিলিয়ার্সের ফটোকপি। তাতে ব্রেভিস পরিচিতি পেয়ে যান ‘বেবি এবি’ নামে। অ্যান্টিগায় তিন নম্বরে নেমে ১১ চার ও ৭ ছক্কায় ১৩০ বলে ১৩৮ রান করেন ব্রেভিস। সেঞ্চুরি করেন ১১১ বলে। এবারের বিশ্বকাপেরও নায়ক তিনি। আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আরও দুই ইনিংস আছে ৯৭ ও ৯৬ রানের। তাতে ব্রেভিস টুর্নামেন্ট শেষ করলেন ৬ ম্যাচে ৫০৬ রান নিয়ে, যা যুব বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। ব্রেভিস পেছনে ফেলেছেন ২০০৪ আসরে গড়া ভারতের শিখর ধাওয়ানের ৫০৫ রান।
দক্ষিণ আফ্রিকা পঞ্চম উইকেট হারায় দলীয় ১৭৬ রানে। তাতে বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে ম্যাথু ও ব্রেভিসের ৭৪ রানের জুটিতে সেই আশা শেষ হয়ে যায়। ম্যাথু আউট হন ৪১ করে।