পাকিস্তান সফর নিশ্চিত করল অস্ট্রেলিয়া

দীর্ঘদিন আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। শঙ্কার মেঘ কেটে গেছে। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতেই খেলবে অস্ট্রেলিয়া।

গত নভেম্বরেই দুই দলের পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু টিম অপারেশন্স, লজিস্টিক, নিরাপত্তা ও কভিড-১৯ প্রটোকল নিয়ে আলোচনা চলছিল দুই বোর্ডের মধ্যে। শুক্রবার দুই বোর্ডের পক্ষ থেকেই আসে সফর নিশ্চিতের ঘোষণা। পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। ৪ মার্চ শুরু প্রথম টেস্ট। টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে ৫ এপ্রিল।

এদিকে পাকিস্তান সফর নিশ্চিত হওয়ায় প্রশ্ন উঠেছে আইপিএলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের শুরু থেকে পাওয়ার বিষয় নিয়ে। অস্ট্রেলিয়ার টেস্ট দল নিজ দেশে আইসোলেশন শেষ করে পাকিস্তানের মাটিতে পা রাখবে ২৭ ফেব্রুয়ারি।