নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামতে ‘হোম ওয়ার্ক’ শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার ২০ দলীয় জোটের শরিক নয়টি দলের সাথে চা-চক্রে বসেছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এতে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি একাংশ),বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় দল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সাম্যবাদী দল, মুসলীম লীগ, ইসলামী ঐক্যজোট (একাংশ)।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে একাধিক নেতা বলেন, বাদ আসর শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই মতবিনিময় সভা চলে। তবে, এটা জোটের কোনো বৈঠক ছিল না বলে জানান তারা।
জোটের এক নেতা জানান, এ ধরনের বৈঠক গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে প্রায়ই তাদের হয়ে থাকে। সেখানে দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। যোগাযোগ করলেও এ ব্যাপারে গয়েশ্বর চন্দ্র রায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন এনপিপি ও সাম্যবাদী দলের দুই শীর্ষ নেতা। ওই দুই নেতার একজন দেশ রূপান্তরকে বলেন, ‘২০ দলীয় জোটের শরিক প্রতিটি দলের সাথে খুব শিগগিরই পৃথক পৃথক বৈঠক হবে। কোন দলের সাথে কবে বৈঠক হবে তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’
জানা গেছে, হোম ওয়ার্ক শেষে সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে প্রতিটি দলকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এরপর যুগপৎ আন্দোলনে নামবে বিএনপি। ওই আন্দোলনে ভূমিকা রাখবে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ মঞ্চ বা জোট গঠন করবে দলটি।
সম্প্রতি, জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করে বিএনপি। একটি কমিটির নেতৃত্বে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিটিতে আরও আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। অপর কমিটির নেতৃত্বে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই কমিটিতে আছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
আন্দোলনে নামার আগে দায়িত্বপ্রাপ্ত নেতারা সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করবেন। এ বিষয়ে দলগুলোর মনোভাব কী, তা জানতে চায় বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে ২০ দলীয় জোটের কয়েকটি শরীক দলের নেতাদের সাথে চা চক্রের আয়োজন করেছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এতে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতারা হলেন- খন্দকার লুৎফুর রহমান, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, ক্বারী আবু তাহের, মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফরহাদ, জুলফিকার বুলবুল, নুরুল ইসলাম, শওকত আমীন।
বৈঠকে অংশ নেওয়া সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘মাঝে মধ্যেই দাদার (গয়েশ্বর চন্দ্র রায়) সাথে দেখা করতে যাই। সে জন্যই গিয়েছিলাম।’