ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাপড়ুয়া নিজের শিশুসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতা বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ইমাম হোসেন মিসকিন (৪৫) উপজেলার চরসাহাভিকারি গ্রামের মিসকিনবাড়ির এনায়েত উল্যাহর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গতকাল শুক্রবার সকালে থানায় এ ব্যাপারে মামলা করেন ধর্ষণের শিকার শিশুর মা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ছিল আট বছর বয়সী শিশুটি। গত ২৭ জানুয়ারি শ^শুরবাড়িতে গিয়ে মধ্যরাতে নিজের সন্তানকে ধর্ষণ করে ইমাম হোসেন। এ ব্যাপারে স্থানীয় সমাজপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের কাছে মৌখিক অভিযোগ দেন শিশুর মা। কিন্তু আবুল কালাম বিচার না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে গতকাল সকালে শিশুর মা থানায় গিয়ে ইমাম হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামকে আসামি করে মামলা করেন।
সোনাগাজী মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম সরকার বলেন, বাদীর এজাহার এফআইআর করা হয়েছে। ভুক্তভোগী শিশু ফেনীর ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।