শরীয়তপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাবা-ছেলেকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে পালং মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।
গতকাল সকাল ৮টার দিকে উপজেলার ডোমসার ইউনিয়নের চরডোমসার গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. আলম তালুকদার (৫০), তার ছেলে মো. রায়হান তালুকদার (১৬)।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, চরডোমসার গ্রামের আলম তালুকদারের সঙ্গে মোখলেছ সরদার গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি স্থানীয় মাতব্বররা ওই বিরোধ মীমাংসার জন্য সময় নেন। তাদের কথা অমান্য করে ৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ওই জমির পশ্চিম পাশে খুঁটি দিয়ে সুতা ও লাল কাপড় বেঁধে দেয় মোখলেছ গংরা। গতকাল সকালে আলম তালুকদার ও তার ভাই দেলোয়ার হোসেন তালুকদার সেই খুঁটি, সুতা ও লাল কাপড় সরাতে গেলে মোখলেছ সরদার (৪৫), ইউনুছ সরদার (৩৫), মোশারফ সরদার (৪০), ইসমাইল সরদার (৫০) মিলে দা দিয়ে আলম তালুকদার ও তার ছেলে মো. রায়হানকে কুপিয়ে আহত করে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ‘বাবা-ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’