টানা ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কাটল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সময়ে করোনা ইউনিটে করোনা বা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা যায়। তাদের মধ্যে করোনায় এক এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। রামেক হাসপাতালের করোনা ইউনিটে সবশেষ গত ১৮ জানুয়ারি কোনো রোগী মারা যায়নি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ১৪৬ শয্যার করোনা ইউনিটে গতকাল সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৬২ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৩৭ এবং উপসর্গ নিয়ে ভর্তি ২৩ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছে দুজন। করোনা ইউনিটে ভর্তিদের মধ্যে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৬, নওগাঁর ২, নাটোরের ২, পাবনার ৪, কুষ্টিয়ার ১, ঝিনাইদহের ১, বগুড়া ও মানিকগঞ্জের ১ জন হাসপাতালে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছে ১১ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৭ জন।