পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সবকিছুর জন্য একটা যোগ্য নেতৃত্ব দরকার আর বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দারিদ্র্যের কলঙ্ক, হাত পাতার কলঙ্ক, বিদেশি পচা গম খাওয়ার কলঙ্ক সবকিছু মুছে গেছে। দেশ আজ কলঙ্কমুক্ত ও সমৃদ্ধ হচ্ছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাঁচ ভাগের চার ভাগ প্রাইভেট সেক্টরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারও সেটাকে নানা সুযোগ-সুবিধার মাধ্যমে উৎসাহিত করে আসছে।’
তিনি বলেন, বিগত ১২ বছরে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিত সক্ষম হয়েছে। দেশে দারিদ্র্যের হার এখন একেবারে নগণ্য, এখন গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিক। বাড়ির পাশে স্কুলসহ সবকিছু রয়েছে। আসুন আমরা উন্নয়নের মিছিলে শরিক হই। দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনার সঙ্গে উন্নয়ন অভিযাত্রায় শামিল হই।