ওপেনিংয়ে নেমে ৬৩ বলে ১২ চার ও ১ ছয়ে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেও পেশওয়ার জালমির বিপক্ষে করাচি কিংসকে জেতাতে পারেননি অধিনায়ক বাবর আজম। ৯ রানে হারে তারা।
দুর্দান্ত ইনিংস খেলেও এই হারে সমালোচনার মুখে পড়েছেন বাবর। জয় দিয়ে ম্যাচ শেষ করতে না পারায় ২৭ বছর বয়সী ব্যাটারকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
এই কিংবদন্তি ব্যাটার জানান, করাচি কিংসের ব্যাটিং লাইন-আপ দুর্বল। তবে কোনো খেলোয়াড় যদি সম্পূর্ণ ২০ ওভার ব্যাট করে তবে তাকে অবশ্যই জয়ী দলে থাকতে হবে।
এক স্থানীয় সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে ইনজামাম বলেন, ‘যদি তুমি বিশ্বের এক নম্বর ক্রিকেট খেলোয়াড় হও এবং ২০ ওভার উইকেটে থাকো, তাহলে তোমার উচিত ম্যাচ শেষ করে আসা। অন্যথা আগেভাগে আউট হয়ে যাও।’
পেশওয়ারের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে করাচি। পুরো ২০ ওভার উইকেটে থেকেও দলকে জেতাতে পারেননি বাবর। আর সে জায়গায় প্রশ্ন তুললেন ইনজামাম।
তিনি বলেন, ‘সেরা খেলোয়াড়ের সবচেয়ে বড় পরিচয় হলো, ম্যাচ শেষ করার সক্ষমতা।’ বাবরের সে জায়গায় চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করেন ইনজামাম।
পাশাপাশি তিনি করাচি কিংসের দল নির্বাচন ও ব্যাটিং-অর্ডার নিয়েও সমালোচনা করেন। তার কারণও আছে। পিএসএলে ৪ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাবররা। পয়েন্ট তালিকাতেও সবার শেষে করাচি।