কলেজে হিজাব নিষিদ্ধ করা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

গত বেশ কয়েকদিন ধরেই ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত কর্ণাটকে কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই বিষয়ে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের হিজাবকে তাদের শিক্ষার পথে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি হিন্দু-মুসলিম পার্থক্য করেন না’।

কর্ণাটকের উডুপি জেলায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে মামলা গড়িয়েছে কর্ণাটক হাই কোর্ট পর্যন্ত। গতকালই তিনটি কলেজে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় যে ক্লাসে হিজাব পরে ঢোকা যাবে না। এরপরই বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় বসেন মুসলিম ছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেয় মুসলিম যুবকরাও। পুলিশও মোতায়েন করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

গতবছরের ২৮ জিসেম্বর হিজাব পরা নিয়ে প্রথম ঝামেলা হয় উডুপি গভর্নমেন্ট স্পন্সরড কলেজে। এরপরই একে একে আরও চারটি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয় হিজাব। নারী কল্যাণ ও সমাজ কর্মীদের একাংশ বলছেন যে হিজাব নিষিদ্ধ ঘোষণা করার পদক্ষেপটি তাদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কিন্তু সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ বলছে যে নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক প্রদর্শন করা যায় না। এদিকে ছাত্রীরা হিজাব পরায় কিছু হিন্দু গোষ্ঠী সমর্থনকারী ছাত্র আবার ক্লাসে গেরুয়া স্কার্ফ জড়িয়ে আসে। তাদের চাপেই পরপর কলেজে নিষিদ্ধ হচ্ছে মেয়েদের হিজাব।