রবিবার থেকে দেশের কওমি মাদ্রাসার প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এবং ভাসমান মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীদের ফাইজার এবং ঢাকা ও ঢাকার বাইরের ভাসমান মানুষকে দেওয়া হবে মডার্নার কোভিড টিকা দেয়া হবে।
অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ শাখার পরিচালক এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা ফাইজার-বায়োএনটেকের টিকা পাবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাদের তালিকা দেওয়া হবে। কেন্দ্রও তারা ঠিক করে দিযেছেন। তারা যে তালিকা দেবে সেই তালিকা অনুযায়ী আমরা কাজ করব।
অপরদিকে ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ছয় লাখ ভাসমান মানুষকে মডার্নার টিকা দেওয়া হবে। এরমধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ, বাকিরা ঢাকার বাইরের বলে তিনি জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভাসমান মানুষকে এক ডোজের মডার্নার টিকা দেওয়ার কথা জানান। তিনি বলেন, যারা ভাসমান লোক আছে, ঠিকানা সব সময় পাওয়া যায় না। তাদেরকে আমরা এ টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ এটা সিঙ্গেল ডোজ টিকা। একবার দিলে আর দ্বিতীয়বার তাকে আসতে হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে নয় কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষকে।
এর বাইরে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী।