গীতিকবি মহসীন মেহেদীর কথায় গাইলেন তারকা সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। শুধু তাই নয়, এ গানের সুর আর সংগীতও করেছেন হাবিব। ‘এই পথ চাওয়া’ নামের গানটি ভালোবাসা দিবসের আগেভাগেই প্রকাশিত হবে। হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। তাই এক একটি গান করতে প্রচুর সময় লাগে আমার। কথা ভালো না লাগলে আমি সেই গান করি না। ‘এই পথ চাওয়া’ গানটি মহসীন মেহেদী খুব যত্ন করে লিখেছেন। কথাগুলো মনে ধরেছে। ভালোবাসার অন্যরকম বহিঃপ্রকাশ রয়েছে। তাই গানটি করতে আগ্রহী হই। আমার বিশ্বাস, দর্শকও পছন্দ করবেন।’ গীতিকবি মহসীন মেহেদী বলেন, ‘প্রতিষ্ঠিত অনেক শিল্পীর জন্য গান লেখা হলেও হাবিব ওয়াহিদের সঙ্গে কখনো কাজ করা হয়নি। এ গানটি আমি লিখেছিলাম দু বছর আগে। তখন হাবিব ভাই গানের লাইন শুনে বেশ প্রশংসাও করেছিলেন! এতদিন পর ভালোবাসার আমেজকে কেন্দ্র করে আমার কথায় তিনি গানটি করলেন, এটা অন্যরকম ভালোলাগা। গানটির নামকরণ করেছি আমি।’
গানের অন্যতম জনপ্রিয় জুটি হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যানসি। পেশাগত সম্পর্ক ছাড়িয়ে তারা পারিবারিকভাবেও খুব কাছের। মজার বিষয় হলো, হাবিবের সংগীতায়োজনে ন্যানসির পর গেয়েছেন তার বড় মেয়ে রোদেলা। এবার তার স্বামী গীতিকবি মহসীন মেহেদীর কথায় গাইলেন হাবিব ওয়াহিদ। ন্যানসি বলেন, ‘হাবিব ওয়াহিদ এবং আমার অনেকগুলো সফল গান রয়েছে। আমার বড় মেয়েও তার আশীর্বাদপ্রাপ্ত। এবার তার সঙ্গে আমার স্বামী গীতিকরি মহসীন মেহেদীরও কাজ হলো। অনেকেই ভাবতে পারেন, আমার স্বামী বলেই হয়ত হাবিব ভাই তার লেখা গান গেয়েছেন। বিষয়টি একেবারেই তেমন নয়। এই গানটি যখন লেখা তখন মেহেদীর সঙ্গে আমার বিশেষ কোনো সম্পর্কই ছিল না। কিন্তু দুজনের নানাবিধ ব্যস্ততার কারণে গানটি আর তৈরি হয়নি। সম্প্রতি আবারও গানটি নিয়ে তারা আলোচনা করেন। দুজনেই ভাবেন, সামনে যেহেতু ভালোবাসা দিবস, এই বিশেষ দিনটির সঙ্গে গানটি দারুণভাবে মানানসই। এজন্যই হাবিব ভাই গানটি করেছেন। শ্রোতা হিসেবে আমারও খুব পছন্দ হয়েছে গানটি। ভালোবাসা দিবসেই আগেই গানটি প্রকাশিত হবে।’
মহসীন মেহেদীর এর আগে গেয়েছেন ন্যানসি, আসিফ আকবর, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, মিজান, কলকাতার রূপঙ্করসহ অনেক শিল্পী।