জয়পুরহাটে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মীর হোসেন (৩০) নামে ট্রাক্টর চালককে হত্যার অভিযোগ উঠেছে হেলপার উজ্জ্বল পাহানের বিরুদ্ধে।
রবিবার সকালে সদর উপজেলার তেঘরবিশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মীর হাসান জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
অভিযুক্ত ট্রাক্টরের হেলপার উজ্জ্বল পাহান (১৭) একই এলাকার হটাৎপাড়া গ্রামের শ্রী নগেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে ১২টার দিকে জয়পুরহাট সদরের তেঘর মিস্ত্রীপাড়া এলাকার ট্রাক্টর চালক মীর হাসানের হেলপার একই এলাকার হটাৎপাড়া গ্রামের উজ্জ্বল পাহান বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে পাশের একটি ফসলি মাঠে মীর হাসানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই উজ্জ্বলকে খুঁজে পাননি পুলিশ।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, তদন্ত চলছে, তদন্তের সার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি জানানো হবে।