জাবিতে ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের ডাইনিং কর্মচারীরা।

রবিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন ডাইনিং কর্মচারীরা।

তাদের দাবিগুলো হল- চাকরি স্থায়ী করা, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা এবং ডাইনিং কর্মচারীদের বিমার আওতায় আনা।

অবস্থান কর্মসূচিতে ডাইনিং কর্মচারী আসাদ মিয়া বলেন, আমি যখন কাজ শুরু করি তখন আমার বেতন ছিল ৫০ টাকা। আমি ৩৭ বছর কাজ করে বেতন হয়েছে ৮ হাজার টাকা। এই টাকা দিয়ে পরিবার এখন আর চলে না। আমাদের চাকরিও স্থায়ী না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি প্রশাসনকে কিন্তু কেউ কিছু করছে না।

ডাইনিং কর্মচারী রোজিনা ইসলাম বলেন, একজন সাধারণ কর্মচারী যে টাকা বেতন পায় আমরা তার চার ভাগের এক ভাগও পাই না। আমাদের সন্তান যদি ভালো খাবার খেতে চায় আমরা খাওয়াতে পারি না। আমরা শিক্ষা ভাতা পাই ৫০০ অন্যদিকে কর্মচারীরা পায় ১০০০ টাকা। এই টাকা দিয়ে সন্তানদের কীভাবে পড়াবো। আমরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার।

কর্মচারী সমিতির সভাপতি মনির বলেন, যখনই কোনো প্রভোস্টের কাছে দাবি দাওয়া নিয়ে যাই তারা বলেন আমরা নতুন এসেছি পরে এইসব নিয়ে আলোচনা করবো। তারপর বছর পার হলেও তাদের খবর নেই। আমরা যখন আন্দোলনে নামি তখন তারা আমাদের আশ্বাস দেন। কিন্তু পরেই তারা সব ভুলে যান। আমাদেরকে দেখার কি কোনো মানুষ নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, ইউজিসি থেকে নিয়ম রয়েছে পোস্ট ছাড়া কাউকে রিক্রুট করা যাবে না। আমি ভিসি ম্যাডামকে জানিয়েছি, তিনি বলেছেন বিষয়টি নিয়ে বসবেন।