গ্রুপ থিয়েটার ফেডারেশন: লাকী ও বাবুকে আইনি নোটিশ

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পাওয়া কামাল বায়েজীদ সংগঠনটির সভাপতি লিয়াকত আলী লাকী ও সম্পাদক (প্রচার) মাসুদ আলম বাবুকে আইনি নোটিশ পাঠিয়েছেন। 

রবিবার কামাল বায়েজীদের পক্ষ থেকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। 

কামাল বায়েজীদ দেশ রূপান্তরকে বলেন, আর্থিক অনিয়মের অভিযোগ তুলে লিয়াকত আলী লাকী এবং তার অনুসারীরা আমাকে সংগঠন থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি গণমাধ্যমে প্রচার করেছেন। আমি তাদের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছি। এবার আইনি নোটিশ পাঠিয়েছি। সাত দিনের মধ্যে তারা যদি ভুল স্বীকার করে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার না করে আমি আইনের পথে হেঁটে আরও কঠোর অবস্থানে যাব।

লিয়াকত আলী লাকী গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং মাসুদ আলম বাবু সংগঠনটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। গত ২২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভায় কামাল বায়েজীদকে সাধারণ সম্পাদক পদ  থেকে এবং অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিমকে সম্পাদক (অর্থ) পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে সেই সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কামাল বায়েজীদ ও রফিক উল্লাহ সেলিম।