আফগানিস্তান থেকে চালানো গুলিতে পাকিস্তানের ৫ সেনা নিহত

আফগানিস্তানের ভেতর থেকে চালানো ‘সন্ত্রাসী’দের গুলিতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রবিবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা এই খবর দিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সীমান্তের ওপারে আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা কুররাম জেলায় পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালালে পাকিস্তানি সেনারা উপযুক্ত পদ্ধতিতে জবাব দিয়েছে’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, পাকিস্তানি সৈন্যদের পাল্টা গুলিতে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে’।

তবে গুলি বিনিময়ে পাঁচ সেনা শহীদ হয়েছেন। তারা হলেন- ৩৪ বছর বয়সী ল্যান্স নায়েক আজব নূর, ২২ বছর বয়সী সিপাহী জিয়াউল্লাহ খান, ২৩ বছর বয়সী সিপাহী নাহিদ ইকবাল, ১৮ বছর বয়সী সিপাহী সমীরুল্লাহ খান এবং ২৭ বছর বয়সী সিপাহী সাজিদ আলী।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের আফগান মাটি ব্যবহারের তীব্র নিন্দা জানায় পাকিস্তান এবং পাকিস্তান আশা করে যে অন্তর্বর্তীকালীন আফগান সরকার ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ চালাতে বাধা দেবে’।

আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়ার তঙ্কের দিয়াল রোডের কাছেও একটি গোয়েন্দা-ভিত্তিক অপারেশন (আইবিও) পরিচালনা করেছে এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করেছে।

নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসীদের ‘উপস্থিতির নিশ্চিত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে’ এই অভিযান পরিচালনা করে। অপারেশন চলাকালীন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে।

আইএসপিআর জানায়, তালেবান সন্ত্রাসীদের মদদদাতা ও সহযোগীদের নির্মূল করার অভিযান ‘নিরবিচ্ছিন্ন’ ভাবে চলছে।

সম্প্রতি পাকিস্তান তালেবানদের দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে।

শনিবার একটি পৃথক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং বলে যে, নিরাপত্তা বাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের সারওয়াকাই গ্রামে আরেকটি আইবিও পরিচালনা করেছে এবং আল্লাহ নূর নামে পরিচিত একজন টিটিপি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

আইএসপিআর অনুসারে, টিটিপি সন্ত্রাসী বোরকা পরিহিত অবস্থায় পালানোর চেষ্টা করছিল, তবে বাহিনী তাকে ধরে ফেলে।

আইবিওর সময় গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, মর্টার, গ্রেনেড এবং যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

দক্ষিণ ওয়াজিরিস্তানের মাকেন এলাকায়ও এরকম আরেকটি অভিযানে, আইন প্রয়োগকারী কর্মীরা এম-১৬ রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করেছে।

দারা আদম খেলে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনকারী চার ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে।